সংস্করণ ১.০ · সর্বশেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · পার্টনার প্রোগ্রাম
এই চুক্তিটি VATCore (“আমরা”) এবং পার্টনার প্রোগ্রামে আবেদনকারী ফার্ম, ডিলার বা ব্যক্তির (“পার্টনার”) মধ্যে সম্পাদিত। পার্টনার আবেদন পাঠানো বা পার্টনার লগইন ব্যবহার করার মাধ্যমে এই শর্তগুলো গ্রহণ করেন। সেবার শর্তাবলী ও গোপনীয়তা নীতিও প্রযোজ্য হবে।
ফার্ম পার্টনার — পার্টনার তার ক্লায়েন্টদের ব্যবসা পোর্টাল থেকে তৈরি করেন বা যুক্ত করেন। প্রতিটি সক্রিয় ব্যবসার জন্য পার্টনার আমাদের মাসে ৳১,৪৯০ (মূসক ছাড়া) পরিশোধ করেন এবং ক্লায়েন্টকে নিজের নির্ধারিত মূল্যে বিল করেন। প্রতিটি ব্যবসা স্ট্যান্ডার্ড প্ল্যান (আনলিমিটেড চালান, ৩ জন ব্যবহারকারী) পায়।
ডিলার — পার্টনার তালিকা মূল্যের উপর ৩৫% ছাড়ে যে কোনো প্ল্যান ও মেয়াদ কেনেন এবং গ্রাহককে নিজে বিল করেন। গ্রাহকের কাছে পার্টনারের মূল্য তালিকা মূল্যের বেশি হতে পারবে না।
রেফারেল পার্টনার — পার্টনারের লিংক বা কোডে নিবন্ধিত গ্রাহক সরাসরি আমাদের পরিশোধ করেন। গ্রাহকের প্রথম পেমেন্ট থেকে ১২ মাস পর্যন্ত প্রতিটি অনুমোদিত পেমেন্টের ২০% পার্টনার কমিশন হিসেবে পান।
ডিলার বা ফার্মের লিংকের মাধ্যমে আসা কোনো ব্যবসা সরাসরি আমাদের পরিশোধ করলে, পার্টনার ১২ মাসের জন্য ২০% রেফারেল কমিশন পাবেন। এই কমিশন পার্টনারের মাসিক বিবরণীতে তার প্রদেয় অর্থ থেকে সমন্বয় করা হবে। তবে ব্যবসাটি আমাদের কোনো অর্থ পরিশোধ করার আগে পার্টনার চাইলে পোর্টাল থেকে সেটিকে নিজের বিলিংয়ের আওতায় নিতে পারেন।
মূল্য ও হার পরিবর্তন হলে ৩০ দিন আগে জানানো হবে; চলমান প্রিপেইড মেয়াদে পরিবর্তন প্রযোজ্য নয়।
একটি ব্যবসা প্রথম যে পার্টনারের লিংক, কোড বা পোর্টাল থেকে তৈরি/নিবন্ধিত হয় সেই পার্টনারের সঙ্গে যুক্ত থাকবে (লিংকে ক্লিকের ৯০ দিনের মধ্যে নিবন্ধন হলে)। আগে থেকে নিবন্ধিত গ্রাহক পরে পার্টনারের নামে যায় না, তবে আমরা বিশেষ ক্ষেত্রে সম্মত হতে পারি। পার্টনারের নামে কতটি ব্যবসা আছে তা পোর্টালে সবসময় দেখা যায়।
প্রতিটি ব্যবসার তথ্য সেই ব্যবসার মালিকের। পার্টনার কেবল তখনই ব্যবসায় কাজ করতে পারেন যখন মালিক “পার্টনার অ্যাক্সেস” চালু রাখেন; মালিক যে কোনো সময় তা বন্ধ করতে পারেন। পার্টনার ক্লায়েন্টের তথ্য শুধু সেই ক্লায়েন্টের মূসক কাজে ব্যবহার করবেন, অন্য কাউকে দেবেন না এবং নিজের লগইন কারও সাথে ভাগ করবেন না। পার্টনারের প্রতিটি কাজ ক্লায়েন্টের অডিট লগে থাকে।
প্রতি মাসের ১ তারিখে আগের মাসের বিবরণী পোর্টালে ও CSV আকারে পাওয়া যায়। ফার্ম ও ডিলার বিবরণীর অর্থ ৭ দিনের মধ্যে বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফারে পরিশোধ করেন; আগাম ৩, ৬ বা ১২ মাস পরিশোধ করা যায়। রেফারেল কমিশন পরের মাসে পরিশোধ হয় যখন কমিশনের বকেয়া পরিমাণ ৳১,০০০ বা তার বেশি হয়; পার্টনারের বিআইএন থাকলে মূসক চালানের বিপরীতে। যে মাসে কোনো ব্যবসা পুরো মাস নিষ্ক্রিয় বা বাতিল ছিল সে মাসে তার জন্য কিছু দিতে হয় না। গ্রাহক ফেরত পেলে সংশ্লিষ্ট কমিশন পরের বিবরণী থেকে কাটা হবে।
১৫ দিনের বেশি বকেয়া থাকলে আমরা পার্টনারের নতুন ব্যবসা তৈরি বন্ধ রাখতে পারি; ৩০ দিনের বেশি হলে পার্টনারের মাধ্যমে বিল করা ব্যবসাগুলো শুধু-পড়ার অবস্থায় যেতে পারে (ক্লায়েন্টকে আগে জানিয়ে)। ক্লায়েন্টের তথ্য কখনো মুছে যায় না।
পার্টনার VATCore নাম ও লোগো প্রোগ্রাম চলাকালীন ব্যবহার করতে পারেন, কিন্তু নিজেকে VATCore বা এনবিআর-এর অংশ বলে পরিচয় দেবেন না, মিথ্যা বা বিভ্রান্তিকর দাবি করবেন না (যেমন “এনবিআর অনুমোদিত”), স্প্যাম করবেন না। ডিলার ও ফার্ম প্রথম সারির সাপোর্ট দেন; আমরা পার্টনারকে সাপোর্ট দিই।
যে কোনো পক্ষ ৩০ দিনের লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারে। শর্ত ভঙ্গ, ক্লায়েন্টের তথ্যের অপব্যবহার বা প্রতারণায় তাৎক্ষণিক সমাপ্তি। সমাপ্তির পর: অর্জিত কমিশন পরিশোধ হয়; ক্লায়েন্ট ব্যবসাগুলো মালিকের কাছে থাকে এবং মালিক সরাসরি বা অন্য পার্টনারের মাধ্যমে চালিয়ে যেতে পারেন; পার্টনারের অ্যাক্সেস বন্ধ হয়।
সফটওয়্যার “যেমন আছে” ভিত্তিতে; মূসক দাখিলের দায়িত্ব করদাতার। কোনো পক্ষ পরোক্ষ ক্ষতির জন্য দায়ী নয়; মোট দায় শেষ ১২ মাসে পরস্পরকে পরিশোধিত অর্থের বেশি নয়। এই চুক্তি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে; বিরোধ প্রথমে আলোচনায়, তারপর ঢাকার আদালতে।
স্বাক্ষরযোগ্য সংস্করণ (ফার্ম ও ডিলারের জন্য) চাইলে যোগাযোগ করুন.